ঘোড়াঘাটে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ৪ যুবক আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবককে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

শনিবার হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের ডুগডুগি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জামেরিয়া পুটিহার গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে গোলাম রব্বানী জাহিদ (২০) এবং একই উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে ইসতিয়াক আহম্মেদ বিপ্লব (২০), ঘোড়াঘাট উপজেলার বেগুনবাড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাজিম হোসেন নাজমুল (২০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকশিচর গ্রামের মৃত নাদু শেখের ছেলে শফিকুল ইসলাম (২৫)।

মামলার বাদী ঘোড়াঘাট থানার উপপরিদর্শক আবির দেবনাথ বলেন, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক সারোয়ার জাহানের সহযোগিতায় হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের ডুগডুগি বাজার এলাকায় অভিযান পরিচালনা করি।

এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আমরা তাদের পিছু নিয়ে ৪ জনকে আটক করি এবং তাদের কাছে থাকা একটি হিরো মোটরসাইকেল, একটি বোল্ড কাটার এবং ৪টি চাকুসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করি। পরে আটক  যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী পালিয়ে যাওয়া তাদের আরও ৬ সঙ্গীসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করি।

 ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আসামিরা ডুগডুগিহাট বাজার এবং এর আশপাশের রাস্তার ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। তাদেরকে আজ শনিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর ৬ আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।