ফিল্ডিংয়ে শিষ্যদের আত্মবিশ্বাসী হতে বললেন কোচ ডমিঙ্গো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জোর দিয়ে জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামার আগে ফিল্ডিংয়ে তার দলের প্রয়োজন আত্মবিশ্বাস।

সাম্প্রতিক সময়ে ফিল্ডিংয়ে ব্যর্থতার কারণে টাইগারদের বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়ে তা আরও প্রকটভাবে ধরা দেয়। কিউইদের বিপক্ষে দুই সিরিজেই হারে টাইগাররা। এই সফরে ব্যর্থতার অন্যতম কারণ, বাজে ফিল্ডিং ও ক্যাচ মিস।

বাংলাদেশ তাদের বাজে ফিল্ডিংয়ের ধারাবাহিকতা বজায় রাখে শ্রীলঙ্কা সফরেও। লঙ্কানদের বিপক্ষেও ক্যাচ মিসের মহড়া দিয়ে টেস্ট সিরিজ হারে টাইগাররা। তবে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশ।

২৩ মে, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। তার আগে শিষ্যদের ফিল্ডিংয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হতে বললেন কোচ ডমিঙ্গো, ‘আমি মনে করি না, এমন কিছু আছে যা কোচ হিসেবে আপনি ভিন্ন কিছু করতে পারেন। ফিল্ডিং পুরোপুরি আত্মবিশ্বাসের। আপনি যতই এই বিষয়ে কথা বলবেন, ততই তা শক্ত হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কিছু সেরা ফিল্ডিং পারফরম্যান্স হাইলাইট করতে পারি এবং তার দিকে ফোকাস দিতে পারি। পারফরম্যান্সের প্রতি ইতিবাচক হওয়ার চেষ্টা করা দরকার। রান-আউটে আমরা ভালো কিছু ক্যাচ নিয়েছি। তবে তাতে আমাদের আরও বেশি ধারাবাহিক হতে হবে। ভুলের দিকে আমাদের ফোকাস না দেওয়ার চেষ্টা করা দরকার।’