এক ঝলকে

শরীরে মৌমাছি নিয়ে জোলির বার্তা

প্রখ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির মুখ ও সারা শরীরে বসে আছে শত শত মৌমাছি! তাতে এতটুকুও আতঙ্কিত বোধ করছেন না তিনি। ওই অবস্থাতেই দিব্যি ১৮ মিনিট কাটিয়ে দিলেন! ভাবছেন জোলি কি তাহলে বোধশক্তিহীন? না, ভক্তদের চমকে দিতে কত কিছুই না করতে হয় সিনেমার তারকাদের। আর এ তো জোলি। তার জীবনটাই আলাদা একটা সিনেমা। তিনি যে সবার থেকে অভিনব উপায়ে হাজির হবেন এ আর নতুন কী! মৌমাছিদের সঙ্গে ফটোশ্যুট করেছেন এই বিশ^বিখ্যাত অভিনেত্রী। গত ২০ মে পালিত হলো ওয়ার্ল্ড বি ডে বা বিশ্ব মৌমাছি দিবস। প্রকৃতির জন্য মৌমাছি কতটা উপকারী, সেটা তুলে ধরতে জোলিকে নিয়ে একটি ফটোশ্যুটের আয়োজন করেছিল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। মৌমাছি সংরক্ষণের বার্তা দিতে এ বিশেষ আয়োজনের ছবি তোলেন হলিউডের বিখ্যাত মডেল ফটোগ্রাফার ও ‘বি কিপার’ ড্যান উইন্টার্স। অ্যাঞ্জেলিনা জোলি দীর্ঘদিন ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থার পক্ষে কাজ করছেন। এবার বিশ্বের বিভিন্ন প্রান্তে মৌমাছির আড়াই হাজার বাসস্থান গড়ে তোলার যৌথ উদ্যোগ নিয়েছে ইউএনএইচসিআর, ইউনেস্কো ও ফরাসি প্রতিষ্ঠান গার্লেইন। এমনকি সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করবে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সাল নাগাদ মৌমাছিদের ঘরে জন্ম নেবে ১২ কোটি ৫০ লাখ মৌমাছি, যারা প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের সঙ্গে কাজ করবেন একঝাঁক নারী। এ কারণে উদ্যোগটির নাম দেওয়া হয়েছে উইমেন ফর বি।

আলিয়ার ঘরোয়া লাইভে রণবীর

বলিউড তারকারা প্রায়ই ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করেন। দর্শকদের প্রশ্নের উত্তর দেন। তেমনি সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ করেন বলিউড সুপারস্টার আলিয়া। সেখানে তিনি প্রাণী আর প্রকৃতির প্রতি ভালোবাসার কথা বলছিলেন। এমন সময় দেখা যায় প্রেমিক রণবীর কাপুরকে। যখন আলিয়া হাতি দেখার অভিজ্ঞতা বলছিলেন ভক্তদের, সেই সময় তার পেছনের কাচে রণবীরের ছায়া দেখতে পান ভক্তরা। সাদা শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরে লিভিং রুমে ঘুরছেন রণবীর। ভিডিওতে রণবীরকে দেখতেই আলিয়ার ভক্তরা মজার মজার মন্তব্য শুরু করেন। একজন লেখেন, ‘ইচ্ছে করেই রণবীরকে দেখালেন নাকি? যে সে আপনার বাড়িতে এসে উঠেছে। লকডাউনের শুরুতে তো আপনি ওর বাসায় ছিলেন!’ আরেকজন লিখেছেন, ‘আপনারা একসঙ্গেই থাকেন?’ আলিয়া আর রণবীর দুজনই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরে উঠে মালদ্বীপে ঘুরেও এসেছেন।  বছর তিনেক ধরে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শিগগিরই বড় পর্দায় ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা দেবেন এই জুটি। যেকোনো সময় বিয়ের ঘোষণা দিতে পারেন তারা, এমন ধারণা অনেকের। ২০২০ সালেই আলিয়া মায়ের পরামর্শে বিয়ের লেহেঙ্গা বানিয়ে রেখেছেন। ব্যাপক পরিকল্পনাও চলছিল। তবে বাদ সাধল করোনা।

তকতের কবলে বলিউড তারকারা

গত সোমবার মুম্বাই শহরের বুকে প্রবল বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তকতে। ঝড়ের তা-বে তছনছ এই শহর। রক্ষা পায়নি বলিউডও। ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে বলিউড তারকা অমিতাভ বচ্চনের অফিস ‘জনক’-এ। এমনকি রণবীর কাপুর, আলিয়া ভাট, মালাইকা অরোরা, সারা আলি খানসহ একাধিক বলিউড তারকার বাসার সামনে বড় বড় গাছ উপড়ে পড়েছে। তকতের তা-বে বেশ কিছু সিনেমা ও ধারাবাহিকের সেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, সালমান খানের ‘টাইগার থ্রি’ ছবির সেট তছনছ করে ফেলেছে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। তবে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এবারের লকডাউনের বেশ কিছু দিন আগে ‘টাইগার থ্রি’ ছবির সেটটি নির্মাণ করা হয়েছিল। এমনকি ৮ মার্চ ছবির শ্যুটিংও শুরু হয়। কিন্তু লকডাউনের কারণে শ্যুটিং বন্ধ করতে বাধ্য হন নির্মাতা। জানা গেছে, লকডাউন উঠে গেলেই শিগগির শ্যুটিং শুরু করবেন তারা। ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবি এটি। আগের ছবিগুলোর মতো এই ছবিতেও ভরপুর অ্যাকশন থাকবে। জানা গেছে, সালমান আর ক্যাটরিনা বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য নিজেরাই করবেন। তাই বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে। ক্যাটরিনা দক্ষিণ কোরিয়ান স্টান্ট আর্টিস্টদের কাছে ১৫ দিনের মতো ট্রেনিং নিয়েছেন। সালমানকে প্রশিক্ষণ দিতে এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি স্টান্ট দল। তিনি ১৫ দিন প্রশিক্ষণ নিয়েছেন। মনীশ শর্মা পরিচালিত এই ছবির অন্যতম বড় চমক বলিউড তারকা ইমরান হাশমি। এই ছবিতে তাকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। শোনা যাচ্ছে, শাহরুখ খানের ‘পাঠান’ ছবির সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবির যুক্ততা আছে। ‘পাঠান’ ছবির শেষের রেশ ধরে ‘টাইগার থ্রি’ ছবির শুরুটা দেখানো হবে। তাই ‘পাঠান’-এর ক্লাইমেক্সে সালমানকেও কিছু দৃশ্যে দেখা যাবে।

 দুবাইয়ে লাক্স তারকা রাখির বিয়ে

লাক্স সুপারস্টার রাখি মাহবুবার কথা হয়তো এখনো অনেকের মনে আছে। গালে টোল পড়া হাসি দিয়ে সহজেই দর্শকের মন কেড়ে নিতেন। একসময় মডেলিং আর নাটকে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন শোবিজের বাইরে। পড়াশোনার জন্য শোবিজ ছেড়ে পাড়ি জমান বিদেশে। এখন পেশায় তিনি একজন প্রকৌশলী। দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কয়ারে তার পরিচয় হয় সাজ্জাদ হোসাইনের সঙ্গে। গত শুক্রবার তাকেই বিয়ে করলেন রাখি। দুবাইয়ের পাম জুমেরাহতে বিয়ে হলো তাদের। তাদের মধ্যে দুই বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত হয়। বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলা থেকে সাজ্জাদ সিঙ্গাপুরে থাকেন। তিনি সেখানকারই নাগরিক এবং সেখানেই ব্যবসা করেন। ১৯ মে সকালে দুবাইয়ে হট এয়ার বেলুনে তাদের আংটি বদল হয়। বুধবার তার ডান হাতের অনামিকায় পরা আংটির ছবি ফেইসবুকে প্রকাশ করেন রাখি।