লিভারপুল-জুভেন্তাসের ভাগ্য নির্ধারিত আজ

জুভেন্তাস ও লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ ভাগ্য নির্ধারিত হবে আজ সিরি আ ও ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে। লিভারপুল চার নম্বরে থাকলেও আজ শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হারলে নেমে যেতে পারে পাঁচে। সেক্ষেত্রে আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে থাকতে পারবে না তারা। একই অবস্থা জুভেন্তাসের। ৩৭ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে পাঁচে তারা। সমান ৭৬ পয়েন্ট নিয়ে চারে নাপোলি, তিনে এসি মিলান। দুইয়ে থাকা আতালান্তার পয়েন্ট ৭৮। আজ জুভেন্তাসের ম্যাচ বোলোনিয়ার সঙ্গে। এসি মিলান খেলবে আতালান্তার সঙ্গে। নাপোলির প্রতিপক্ষ সহজ ভেরোনা। জুভেন্তাস তাই জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এই লিগে পয়েন্ট সমান হলে দেখা হয় মুখোমুখি লড়াইয়ের হিসাব। এদিকে ইপিএল ৩৭ ম্যাচ শেষে ৬৭ পয়েন্টে চেলসি তিনে, সমান ৬৬ পয়েন্টে চারে লিভারপুল, পাঁচে লেস্টার সিটি। এই তিন দলের যে কোনো দুই দলের সুযোগ থাকছে শীর্ষ চারে থাকার। চেলসির ম্যাচ অ্যাস্টন ভিলার মাঠে। লিভারপুল অ্যানফিল্ডে খেলবে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। সেই হিসেবে লেস্টারের পরীক্ষাটা একটু কঠিন। লেস্টারের ম্যাচ টটেনহ্যামের সঙ্গে। টটেনহ্যাম ৫৯ পয়েন্টে আছে সাতে। তারা যদি হারে তবে আগামী মৌসুমে ইউরোপা লিগেও খেলতে পারবে না টটেনহ্যাম। ইপিএলের শীর্ষ চার দল খেলে চ্যাম্পিয়নস লিগে। পাঁচ ও ছয় নম্বর দল খেলে ইউরোপা লিগে। আর সাতে থাকা দল খেলবে নতুন টুর্নামেন্ট ইউরোপা কনফ্রেন্স লিগ।  ইন্টারনেট।