বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ সময়সূচি অনুযায়ী শুরু হবে। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
সিরিজের প্রথম ওয়ানডে হবে রবিবার (২৩ মে) দুপুর ১টায়, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। তার আগে সকালে তিন লঙ্কানের করোনায় আক্রান্ত হওয়ার খবরে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়। ১৮ মে নেওয়া নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস এবং সফরে আসা দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্ডোর।
২২ মে নেওয়া নমুনায় ফার্নান্ডোর পজিটিভ এলেও নেগেটিভ রিপোর্ট আসে ভাস ও উদানার। ক্রিকবাজ জানাচ্ছে, লঙ্কান শিবিরে করোনা হানা দিলেও সিরিজের প্রথম ম্যাচ চলবে। ফার্নান্ডোর অবশ্য কোনো উপসর্গ দেখা যায়নি। তবে তিনি এখন আইসোলেশনে থাকবেন। তবে প্রথম ওয়ানডের স্কোয়াডে থাকছেন না ভাস ও উদানাও। অবশ্য তারা দলের সঙ্গে হোটেলে থাকবেন।
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুনারত্নেও দ্বিতীয় নমুনা পরীক্ষায় ভাস ও উদানার রিপোর্ট নেগেটিভ এসেছে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রবিবার নিজের অফিশিয়াল টুইটার পেজে লঙ্কান ওপেনার লেখেন, ‘দ্বিতীয় নমুনা পরীক্ষায় চাহিদা ভাস ও ইসুরু উদানার নেগেটিভ এসেছে।’
বোলিং কোচ চামিন্দা ভাসও টুইটারে জানিয়েছেন, দ্বিতীয় নমুনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে। দুঃসময়ে সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সাবেক লঙ্কান পেসার লেখেন, ‘বন্ধুরা, তোমাদের সব বার্তা ও কলের জন্য ধন্যবাদ। দ্বিতীয় পিসিআর পরীক্ষায় নেগেটিভ এসেছে। যারা উদ্বিগ্ন ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ।’
পরে ভাসের এই টুইটটি রিটুইট করেন করুনারত্নে। ওয়ানডে সিরিজ খেলতে এই সফরে আসেননি তিনি।
অন্যদিকে দলের বাস ড্রাইভারের পজিটিভ রিপোর্ট আসায় করোনা নিয়ে ভীতির সঞ্চার হয় বাংলাদেশ শিবিরেও।
এই সিরিজ, ওয়ানডে সুপার লিগের অংশ। ২৫ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে। তৃতীয় ওয়ানডে হবে ২৮ মে। সব একই ভেন্যুতে।