কুমারখালীতে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে মো. শিপন হোসেন (২৮) নামে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা।

শনিবার রাত ১২টার দিকে পান্টি ইউনিয়নের পিতম্বরশাহ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। নিহত শিপন গ্রামের আলতাফ শেখের ছেলে।

পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শিপন এলাকার গোদের বাজারে ডেকোরেটরের ব্যবসা করেন। গত রাতে দোকান বন্ধ করে সে বাড়ি ফিরছিল। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন কথা আছে বলে ডেকে নিয়ে রাস্তার ওপর ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, গতবারের ইউপি নির্বাচনের সময় থেকেই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সুমন নৌকা প্রতীকে এবং সহসভাপতি মাসুদ মোল্লা বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে ভোট করেন। ভোটের দুই প্রার্থীই পরাজিত হন। এই পরাজয়ের কারণ হিসেবে দুই পক্ষই একে অন্যকে দোষারোপ করতে থাকে। যা পরবর্তীতে চূড়ান্ত ভাবে সংঘাতপূর্ণ হয়ে উঠে।

চেয়ারম্যান হাফিজ বলেন, সেই সময় থেকেই আওয়ামী লীগের দুই গ্রুপে বিরোধ লেগে আছে। তারই জের ধরে সুমন সমর্থকেরা মাসুদ সমর্থক শিপনকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান শিপন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পান্টি এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরই জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় ওসি।