মিয়ানমারে সোয়া লাখের বেশি শিক্ষক বরখাস্ত

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান নেওয়ায় দেশটির সোয়া লক্ষাধিক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ওই শিক্ষকদের অপরাধ, তারা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর মিয়ানমারজুড়ে শুরু হওয়া আইন অমান্য আন্দোলনে অংশ নিয়েছিল। মিয়ানমার শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

দেশটিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক দিন আগে বিপুলসংখ্যক শিক্ষককে বরখাস্ত করার এ খবর এলো। অভ্যুত্থানবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মিয়ানমারের অনেক শিক্ষক ও অভিভাবক এবারের শিক্ষাবর্ষ বয়কট করছেন।

গণতান্ত্রিক সংস্কারের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। এর প্রতিবাদে গত কয়েক মাস ধরে চলা আন্দোলন ইতিমধ্যে দেশটিকে প্রায় পঙ্গু করে দিয়েছে।