কঙ্গোতে আগ্নেয়গিরি বিস্ফোরণ

পূর্ব আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোর গোমা শহরের পার্শ্ববর্তী সুপ্ত আগ্নেয়গিরি নাইরাগঙ্গো আকস্মিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। গত শনিবার থেকে পর্বতের জ¦ালামুখ থেকে ছিটকে বেরিয়ে আসছে লাভা। আগুনের তীব্রতায় লাল হয়ে উঠেছে উপদ্রুত অঞ্চল ও সংলগ্ন এলাকাগুলো। জীবন বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে স্থানীয়রা। সরকারিভাবেও তাদের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকেও স্থানীয়দের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। গতকাল রবিবার দেশটির যোগাযোগমন্ত্রী প্যাটট্রিক মুইয়াইয়া জানিয়েছেন, উপদ্রুত এলাকাটি খালি করার ঘোষণা কার্যকর করা হয়েছে। অগ্ন্যুৎপাতের খবর পেয়ে ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন কঙ্গোর প্রেসিডেন্ট ফ্লেক্স তিশিসেকিদি।

উপদ্রুত এলাকার বাসিন্দা কেরিন এমবালা বলেন, বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। অল্প দূরেই পাহাড় থেকে আসা আগুনের শিখা দেখা যাচ্ছে। জাচারি পালুকু নামে এক ব্যক্তি সংবাদমাধ্যম এপিকে বলেন, সবাই আতঙ্কগ্রস্ত। প্রত্যেকেই ছুটছে। আমরা আসলেই জানি না আমাদের এখন কী করা উচিত।

২০০২ সালে সর্বশেষ এই পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। তখন অগ্ন্যুৎপাতে প্রায় আড়াইশ মানুষের মৃত্যু হয়।