মাস্ক পরায় মানুষজনকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাংসদ ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল। গতকাল রবিবার সকালে তিনি শিবগঞ্জ বাজারের মনাকষা মোড় ও শেখটোলা এলাকায় সড়কে যাতায়াতকারীদের মধ্যে মাস্ক পরিহিতদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। করোনা সংক্রমণ রোধে তার এ উদ্যোগ নজর কেড়েছে সাধারণ মানুষের। এ সময় মাস্কবিহীনদের বিনামূল্যে মাস্কও প্রদান করা হয়। বিতরণ করা হয় হ্যান্ড স্যানিটাইজার।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ হঠাৎ বেড়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় সংক্রমণের হার বেশি।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও চাঁপাইনবাবগঞ্জের বেশি।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, ভারত সীমান্তঘেঁষা চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভারত থেকে ফেরা দুজন রয়েছে।
সাংসদ ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল বলেন, করোনা রোধে সচেতনতা সৃষ্টি এবং মাস্ক পরতে মানুষকে উদ্বুদ্ধ করতেই আমার এ উদ্যোগ। এমপির কাছ থেকে ফুল উপহার পেলে মাস্ক পরিহিত ব্যক্তি নিজে গর্বিত হবেন এবং অন্যকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করবেন বলে আমি বিশ্বাস করি।