ফেনী কারাগারে ৪৫ শয্যার আইসোলেশন সেন্টার

ফেনী জেলা পুরনো কারাগার ভবনে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ৪৫ শয্যার আইসোলেশন সেন্টারটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য দেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

এ সময় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফজলুল হক, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুর নবী, সিভিল সার্জন রফিক উস সালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা বিএমএর সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাউসার উপস্থিত ছিলেন।

জেল সুপার আনোয়ারুল করিম জানান, এ আইসোলেশন সেন্টারে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোর করোনা আক্রান্তদের রেখে চিকিৎসা দেওয়া হবে।