চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় সাইমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গত শনিবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটায় আহমদ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। সাইমার বাবার নাম আমান উল্লাহ। এ ঘটনায় বাকপ্রতিবন্ধী জয়নাল আবেদিন (৫০) দগ্ধ হন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন বাঁশখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব।
পুঁইছড়ি ইউনিয়নের সদস্য মো. জহিরুল ইসলাম বলেন, ‘আগুনে আটটি বসতঘরে ১৯টি পরিবারের সব মালামাল পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ হাজার, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ হাজার নগদ টাকাসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।