জুনেই চুক্তি, সাকিবকে নিয়েও সিদ্ধান্ত

বছরের শুরুতেই হওয়ার কথা ছিল ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি। কিন্তু করোনার কারণে গত বছর খেলা না হওয়ায় ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনার সুযোগ ছিল না। তাই আগের চুক্তির সময় বাড়ানো হয় জুন পর্যন্ত। সামনের মাসেই ক্রিকেটারদের সঙ্গে নতুন কেন্দ্রীয় চুক্তি হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আপাতত চুক্তির বাইরে থাকা সাকিব আল হাসানের ব্যাপারে সিদ্ধান্তও আসবে তখন। এছাড়া রাসেল ডমিঙ্গোকে বরখাস্ত করারও কোনো ইচ্ছা নেই বলে জানান পাপন।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে পারিশ্রমিক কমিয়ে দেওয়ায় তা মানছেন না শ্রীলঙ্কার ক্রিকেটাররা। দাবি না মানা হলে কঠোর প্রতিবাদের হুমকি দিয়েছেন তারা। করোনার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি সেই পথে হাঁটবে? পাপন জানালেন ক্রিকেটারদের ক্ষতি হয় এমন কিছুই করবেন না, ‘প্রথম কথাটা হচ্ছে সব বোর্ডই, সে যত ধনী বোর্ডই হোক না কেন, এখন একটা ক্রাইসিসে আছে। ক্রাইসিস বলতে ফান্ড আসছে না। তবে বোর্ড বিশ্বাস করে ক্রাইসিস পিরিয়ড তো শুধু আমাদের না, খেলোয়াড়দের জন্যও। কাজেই আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি তাদের পাশে থাকার। ওদের ক্ষতি হয় এরকম কিছু করার পরিকল্পনা আমাদের নেই।’

বিদেশি লিগে খেলতে চান বলে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার গুঞ্জন উঠেছিল। পাপন জানান এখনো সাকিবের সঙ্গে কথা হয়নি তাদের। সিরিজের মধ্যে এ আলোচনা করতেও চান না। জুনেই মূল চুক্তির আগে এ ব্যাপারে সাকিবের সঙ্গে কথা বলবেন।

দায়িত্ব নেওয়ার পর কম সফলতার জন্য চাপে আছেন ডমিঙ্গোও। তার ব্যাপারে অবশ্য নেতিবাচক কোনো কিছু ভাবছে না বোর্ড। বিসিবি প্রধান জানান বিশ্বকাপের আগে এই মুহূর্তে কোনো বিকল্প নেই। তাই আপাতত ডমিঙ্গোর ওপরই আস্থা রাখছেন তারা।