খুলনায় ঘরে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

খুলনায় খাদিজা আক্তার রুনু (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা-গিলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্যারিসন লাল পিলার সংলগ্ন মাত্তমডাঙ্গায় রবিবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতেরস্বামী মামুন পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদ হাসান জানান, মাত্তমডাঙ্গার মৃত শহীদদের মেয়ে খাদিজা আক্তার রুনুর সাথে ডুমুরিয়া এলাকার মামুনের সাথে প্রায় ১২ বছর আগে বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না। মাত্তম ডাঙ্গার মিরাজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাস করতেন।

খাদিজা আক্তার রুনু গ্রামে ঘুরে কাপড় বিক্রি করতেন এবং তার স্বামী মামুন পেশায় সিএনজিঅটোরিকশা চালক।

রুনুর মা আমেনা বেগম বলেন, রবিবার দুপুরের পর রুনুর এবং তার স্বামী মামুনের মোবাইলে একাধিকবার ফোন দেই। ফোন দেয়ার পরও রিসিভ হয় না, পরে দুইজনের মোবাইল বন্ধ পেয়ে ইউপি সদস্য মাহমুদ হাসানের কাছে সন্ধ্যার দিকে যাই। এ সময় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে রুনুর ভাড়া বাড়িতে  গিয়ে দেখি রুমের মাঝে রুনুর মরদেহ পড়ে রয়েছে। পরে ইউপি সদস্য মাহমুদ হাসান থানা-পুলিশকে খবর দেয়।

বাড়ি মালিক মেরাজ বলেন, কিছুদিন পরপরই সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। লাশের ময়নাতদন্ত করার জন্য খুমেক হাসপাতালের পাঠানো হয়েছে। নিহত রানুর মুখে আঘাতের চিহ্ন রয়েছে।