রামগঞ্জ উপজেলার দেহলা মদিনা ব্রিকসের ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে ইটভাটায় কর্মরত শ্রমিকদের ওপর পড়ে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ব্রিক ফিল্ড মালিক আমির হোসেন ডিপজলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ১২টায় রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ওরফে দেলু এসপির অফিস থেকে একটি সমঝোতা বৈঠক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ব্রিক ফিল্ড মালিক আমির হোসেন ডিপজল ও ম্যানেজার মো. স্বপন মিয়া।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র জানান, দুর্ঘটনায় মৃত বেলাল ও ফারুকের মেজ ভাই হেলাল হোসেন ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ছাড়া পুলিশ উক্ত ব্রিকফিল্ড সংস্কার বিষয়ে দায়িত্বে অবহেলার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
উল্লেখ্য, রবিবার বিকেল ৫টায় রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মেসার্স মদিনা ব্রিক ফিল্ডে ১৫/২০ জন শ্রমিক কাজ করার সময় হঠাৎ চুল্লির দেয়াল ভেঙে তাদের ধসে পড়ে।
দেয়াল চাপায় ঘটনাস্থলেই মারা যায়, শ্রমিক বেলাল হোসেন ও ফারুক হোসেন। মারাত্মক আহত হয় আরও ১০ শ্রমিক। উন্নত চিকিৎসার জন্য রাকিব হোসেন অন্য শ্রমিক লক্ষ্মীপুর সদর হসপিটালে নেয়ার পথে তিনিও মারা যান।
ঘটনার পর থেকেই মালিক আমির হোসেন ডিপজল গা-ঢাকা দেন।
পুলিশ লাশ উদ্ধার করে রামগঞ্জ থানায় নিয়ে আসার পর বেলাল ও ফারুকের ভাই হেলাল হোসেন রাতে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেনের অফিস ভেতর থেকে একটি সমঝোতা বৈঠক থেকে আমির হোসেন ডিপজল ও ব্রিকফিল্ড ম্যানেজার মো. স্বপন মিয়াকে আটক করে।
দেয়াল ধসে নিহত ফারুক ও বেলালের ভাই হেলাল হোসেন বলেন, আমার আত্মীয়স্বজনকে চাপ দিয়ে মুচলেকা নিয়েছে কাউন্সিলর দেলু এসপিসহ কয়েকজন। সেখানে আমার দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ২ লাখ টাকা ও লাশ দাফনের খরচ ৪০ হাজার টাকা দিয়ে আমাদের বাড়িতে চলে যেতে বলে। আমরা যেন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করি, তার জন্যও হুমকি দেয়া হয়।
তবে তিনি এ সময় দাবি করেন, আমাদের অগোচরে মামলাটির ভিন্নভাবে প্রবাহিত করতে ৭ লাখ টাকায় দফরফা করা হলেও আমাদের আত্মীয়দের কমিশনারের (কাউন্সিলর) অফিস থেকে জোর করে বের করে দেয়।
তবে বিষয়টি অস্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন দেলু এসপি জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে আমির হোসেন মিয়ার স্ত্রী লোকজন নিয়ে আসায় আমি সমাধানের চেষ্টা করি। টাকা লেনদেনের ঘটনা সত্য নয়।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র জানান, এ ব্যাপারে দায়িত্বে অবহেলার বিষয়ে একটি মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে ব্রিকফিল্ড মালিক আমির হোসেন ও ম্যানেজার স্বপন মিয়াকে আটক করা হয়েছে। আটকদের লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।