দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এ কারণে আজ সোমবার মধ্যরাত থেকে আগামী সাত দিন জেলায় সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসন এই লকডাউন কর্মসূচি ঘোষণা করে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, গেল এক সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার শতকরা ৫০ ভাগেরও অধিক। যা জাতীয় সংক্রমণের ৫ গুনেরও বেশি।
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশিরা প্রবেশ করছেন। এর ফলে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষিতে আগামী ৭ দিন চাঁপাইনবাবগঞ্জ জুড়ে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলো।
লকডাউনের ফলে চাঁপাইনবাবগঞ্জে রোগী, জরুরি পণ্য ও সেবা পরিবহন ছাড়া সকল প্রকার যানবহন বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ রুটে যান চলাচল করবে না। সব বাজারের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে।
আমের বাজার ও আড়ত পৃথক পৃথক জায়গায় ছড়িয়ে দিয়ে আমের বেচাকেনা করা যাবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।