রাজৈরে দুই ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে পৃথক ঘটনায় সালাম শেখ (৬০) ও মোতাহার দর্জি (৫০) নামের দুই ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা-পুলিশ।

রবিবার রাতে সালাম শেখকে রাজৈর উপজেলার হোসেনপুর ব্রিজের রাস্তার পাশে পাটক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় এবং সোমবার সকালে একই উপজেলার মজুমদার কান্দির খালপাড় এলাকার পাটক্ষেত থেকে মোতাহারের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকার পুরোনো কোন্দল নিয়ে এই হত্যার ঘটনা করা হতে পারে।

নিহত সালাম শেখ রাজৈর উপজেলার হোসেনপুর এলাকার মৃত আজিত শেখের ছেলে এবং নিহত মোতাহার দর্জি একই উপজেলার মজুমদারকান্দি খালপাড় এলাকার মৃত কালু দর্জির ছেলে।

পুলিশ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি খালপাড় এলাকার বাড়ির পাশের পাটক্ষেত থেকে ভ্যান চালক মোতাহার দর্জির রক্তাক্ত মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসী থানায় খবর দিলে রাজৈর থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে অপরদিকে রাতে হোসেনপুর ইউনিয়ন ব্রিজের রাস্তার পাশে পাটক্ষেত থেকে  ভ্যান চালক সালাম শেখের রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে দুটি হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে।

সালাম শেখের রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একই দিনে রাজৈরে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

নিহত সালাম শেখ মৃত্যু আগে কুপিয়ে আহত অবস্থায় এলাকাবাসীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে নিহত সালাম শেখকে বলতে দেখা গেছে- তাকে আয়নাল নামে একজন কুপিয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা দুইজন ভ্যান চালকের লাশ পৃথক দুটি স্থান থেকে উদ্ধার করেছি। এখনো কেই মামলা করেনি। তা ছাড়া কাউকে এখনো আটক করা যায়নি।