অজি তারকার অভিযোগ, ১০ বছর আগের আইপিএলের পুরো টাকা পাননি

রীতিমতো বিস্ফোরণ ঘটালেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হজ। তিনি দাবি করেছেন, ১০ বছর আগে খেলা আইপিএলের পারিশ্রমিক এখনো পাওনা রয়েছে তার।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কারের টাকা এখনো নারী ক্রিকেটারদের মিটিয়ে দেয়নি। এই খবরের রেশ টেনেই হজ আইপিএলের পাওনা পারিশ্রমিকের কথা বলেছেন। সেই সঙ্গে তিনি জানতে চান, বিসিসিআই কি সেই টাকাও মিটিয়ে দেবে?

হজ অবশ্য এ ক্ষেত্রে নিজের নাম উল্লেখ করেননি। যদিও তিনি এটা বুঝিয়ে দিয়েছেন যে, ২০১১ সালে কোচি টাস্কার্সের হয়ে আইপিএল খেলা অনেক ক্রিকেটারই চুক্তির পুরো টাকা হাতে পাননি। তিনি স্পষ্ট জানিয়েছেন, চুক্তির ৩৫ শতাংশ অর্থই বাকি রয়েছে সেই মৌসুমে কোচির হয়ে মাঠে নামা ক্রিকেটারদের।

হজ টুইট করেন, ‘১০ বছর আগে কোচি টাস্কার্সের হয়ে আইপিএল খেলে উপার্জন করা অর্থের ৩৫ শতাংশ পাওনা রয়েছে ক্রিকেটারদের। সেই টাকা কি আদায় করা যেতে পারে, এমন কোনো সম্ভাবনা রয়েছে বিসিসিআই?’

২০১১ সালে কোচির হয়ে ১৪টি ম্যাচ খেলেন হজ। ৩৫.৬৩ গড়ে ২৮৫ রান সংগ্রহ করেন তিনি। সেবার তাকে ৪ লাখ ২৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে দলে নিয়েছিল কোচি ফ্র্যাঞ্চাইজি। সেই দলে ছিলেন রহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনের মতো তারকা।

অজি তারকার দাবি যদি সত্যি হয়, তবে তার এখনো প্রায় ১ লাখ ২৭ হাজার মার্কিন ডলার পাওনা রয়েছে তার।