বিকল্প নেই বলে টিকে যাচ্ছে ডমিঙ্গোর চাকরি?

গুঞ্জন ছিল, শ্রীলঙ্কা বিপক্ষে পর পর দুই সিরিজের পারফরম্যান্সে মূল্যায়ন হবে কোচ রাসেল ডমিঙ্গো পারফরম্যান্সও। ডমিঙ্গো অবশ্য শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে এসে বলেছিলেন, চাকরি হারানোর ভয় নেই তার। এ নিয়ে চিন্তিতই নন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আসলে ডমিঙ্গোকে সরাচ্ছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় অন্তত সেটা মোটামুটি নিশ্চিতই বলা যায়।

রবিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডের দিন সংবাদমাধ্যমে কথা বলেন পাপন। এ সময় তিনি ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন বিষয়ে নিয়ে বলেন, ‘যদি আমরা নবায়ন না করি তাহলে বিকল্প কিছু থাকতে হবে। এই করোনাকালে ও বিশ্বকাপের আগে এমন কোন কিছু আমাদের মাথায় নেই। এটাই বাস্তবতা।’

২০১৯ সালে ডমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ৯ টেস্টের ৭টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টও রয়েছে। টি-টোয়েন্টিতে তার অধীনে ১৪ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ৬টিতে।

তুলনায় ওয়ানডেতে পারফরম্যান্স মোটামুটি ভালো বলা যায়। যদিও সাফল্য এসেছে ঘরের মাঠে তুলনায় দুর্বল জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই প্রতিপক্ষকেই হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরে।