অর্থ পাচার মামলা

হাইকোর্টে জামিন মেলেনি রিজেন্টের সাহেদের

অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় উচ্চ আদালতে জামিন মেলেনি রিজেন্ট হাসপাতালের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের। তার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। শুনানি শেষে গতকাল সোমবার এ আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

আদালতে ভার্চুয়ালি আসামি সাহেদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফজলুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

অর্থপাচারের অভিযোগে গত বছরের ২৫ আগস্ট সাহেদ ও তার সহযোগী মাসুদ পারভেজকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে রূপান্তর করার অপরাধে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বাদী হয়ে মামলা করে।