চট্টগ্রামে করোনায় আরও ৪ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ৯৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ৬৪ জন ও ছয় উপজেলার ২৯ জন। সংক্রমণ হার ১২ দশমিক ৩২ শতাংশ।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৫২ হাজার ৭৩৬ জন। সংক্রমিতদের মধ্যে ৪২ হাজার ১১৬ শহরের ও ১০ হাজার ৬২০ জন গ্রামের।

গতকাল করোনায় চারজন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৬০২ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৪৩৪ জন ও গ্রামের ১৬৮ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৪৫ জন। এতে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৩৯ হাজার ১১২ জনে উন্নীত হয়েছে।