তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে লড়ছে সফরকারী শ্রীলঙ্কা। ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে দলটি।
২৯.২ ওভারে ১০৪ রান করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। একটি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। আর সেটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৪৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস। মুশফিকুর রহিম একাই করেন ১২৫ রান।
চারে খেলতে নেমে ১২৭ বলে ১০ চারে মুশফিক তার ইনিংস সাজান। মাহমুদউল্লাহ দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন। তার ৫৮ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন দুষ্মন্ত চামিরা ও লাকশান সান্দাকান। ইসুরু উদানা নিয়েছেন ২ উইকেট।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতেছিল বাংলাদেশ।
আরো পড়ুন