দেশে চীনে তৈরি সিনোফার্মের টিকার প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার পরীক্ষামূলকভাবে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীতে সরকারি চারটি মেডিকেল কলেজের ৫০১ জন শিক্ষার্থীদের দেহে প্রয়োগের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশে প্রথম পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা। এছাড়া মুগদা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হয়েছে।
গত ১২ মে সিনোফার্মের টিকার পাঁচ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছায়, যা চীন সরকার উপহার হিসেবে পাঠিয়েছে। আরও ছয় লাখ ডোজ টিকা চীন উপহার হিসেবে দেবে বলে জানিয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি এ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর বাইরে আগামী জুন-জুলাইয়ের দিকে চীন আরও টিকা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে বলে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।
টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা ফ্রন্টলাইনার, তাদের আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মেডিকেল শিক্ষার্থী, বিশেষ করে ফিফথ ইয়ারে যারা আছেন, তাদের টিকা দিয়ে সুরক্ষিত করতে হবে। তারা ইন্টার্ন শেষে বিভিন্ন হাসপাতালে মানুষের সেবা দেবেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দেশে টিকা তৈরি করার জন্য। সেজন্য আমরা রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করছি, তারা যেন আমাদের দেশে প্রযুক্তি এনে টিকা উৎপাদন করতে পারে। চীন ও রাশিয়ার সঙ্গে টিকা সংক্রান্ত যে কর্মযজ্ঞ আছে, তা প্রায় শেষের দিকে।’
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন জানান, যাদের টিকা দেওয়া হয়েছে আগামী সাত দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় টিকাগ্রহীতাদের মধ্যে কোনো পাশর্^প্রতিক্রিয়া হয় কি না তা দেখা হবে। সবকিছু ঠিক থাকলে পরে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, মূলত তিন শ্রেণির মানুষ সিনোফার্মের টিকা পাবেন। প্রথমত পাবেন স্বাস্থ্য শিক্ষার্থীরা। এছাড়া বাংলাদেশে বসবাসরত চীনের নাগরিক এবং বিভিন্ন বড় প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি কর্মীদেরও অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। পরে অবশিষ্ট থাকলে যেসব সম্মুখসারির করোনাযোদ্ধা টিকা পাননি, তাদেরও দেওয়া হবে।
প্রথম দিন টিকা নিলেন ৫০১ জন : দেশে করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের টিকা প্রয়োগের প্রথম দিনে ৫০১ জনকে এটি দেওয়া হয়েছে। তার মধ্যে পুরুষ ২৪৬ ও নারী ২৫৫ জন। প্রথম দিনে কোনো পাশর্^প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ১৭১, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৭, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জনকে টিকা দেওয়া হয়।