ভাষা সৈনিক ও শ্রমিকনেতা মো. লোকমান হাকিম (৮০) বুধবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খুলনার ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম শীর্ষ এ নেতা পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর খালিশপুর গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। তিনি বাংলাদেশ লেবার পার্টির খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ছিলেন।
খুলনা ২০ দলীয় জোটের সমন্বয়ক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু জানান, লোকমান হাকিম বুধবার ভোর ৪টায় ইন্তেকাল করেছেন । অত্যন্ত বড় মাপের শ্রমিক নেতা লোকমান হাকিম সুবক্তা স্পষ্টবাদী। আজকের খুলনা গড়ার আন্দোলনে নিবেদিত প্রাণ। শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ সদা হাস্যোজ্জ্বল নির্লোভ হিসেবে সকলের প্রিয়। গণতান্ত্রিক আন্দোলনে তার বিরোচিত ভূমিকা গণতন্ত্রকামী জনগণ ও আন্দোলনকারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
লোকমান হাকিমের পারিবারিক সূত্রে জানা গেছে, লোকমান হাকিম ১৯৪০ সালে খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত ইউনুস আলী মোল্লা, মাতা মৃত রহিমা বেগম। তার চার ভাই ও পাঁচ বোন।
তিনি দৌলতপুর হাজী মুহম্মদ মুহসিন মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। এরপর তিনি দৌলতপুর বিএল কলেজে এইচএসসি ভর্তি হন। লেখাপড়া করা অবস্থায় তিনি ১৯৬০ সালে খুলনার বিদ্যুৎকেন্দ্রে ফুটবল খেলোয়াড় হিসেবে যোগদান করেন। পরে তিনি বিদ্যুৎকেন্দ্রের স্টোর কিপার হিসেবে কাজ শুরু করেন। তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
বর্তমানে তিনি খালিশপুর বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের (পাওয়ার হাউজগেট) বিপরীত পাশে বিআইডিসি সড়কের নিজ বাসভবনে বসবাস করতেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় তিনি মাওলানা ভাসানী ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।