পটুয়াখালীর কলাপাড়ায় ঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে এক নবজাতকের জন্ম দিয়েছে সানজিদা (২২) নামে গৃহবধূ। বুধবার সকাল ১০টায় উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
ফুটফুটে এ সন্তানের নাম রাখা হয়েছে বেল্লাল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে চান্দুপাড়া গ্রাম প্লাবিত হলে গর্ভবতী স্ত্রী সানজিদাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান নবজাতকের বাবা নুর-আলম শরীফ। পরে বুধবার সকালে তার প্রসববেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তিনি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মা-ছেলে দুজনই সুস্থ আছেন। তাদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় এখনো আশ্রয়কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষণ তাদের খোঁজখবর রাখছি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হালদার জানান, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাব করানো হয়েছে। এখন মা-ছেলে খুব ভালো আছে। দায়িত্বরত চিকিৎসক প্রতিমুহূর্তে মা এবং বাচ্চার খোঁজ নিচ্ছেন।