রেললাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর আজ

স্বপ্নপূরণ হতে চলেছে মাগুরাবাসীর

আজ (বৃহস্পতিবার) নতুন রেললাইন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মাগুরা জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ১ হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার নতুন রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ সময় মাগুরা প্রান্তে সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ভিডিও কনফারেন্সে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন, মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ ড. বীরেন শিকদার, রেল সচিব মোহাম্মদ সেলিম রেজা, খুলনা বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা যুক্ত

থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন মাগুরা সদর উপজেলার হরিপদ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।

সাংসদ সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রীর এ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মাগুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। মাগুরা জেলাকে নতুন করে রেল সংযোগের আওতায় আনার মধ্য দিয়ে পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সঙ্গে সংযোগ স্থাপন সহজতর হবে।