চুরি হওয়া ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

চাঁদপুরে এক গরু ব্যবসায়ীর চুরি হওয়া প্রায় ৬ লাখ টাকাসহ বিউটি খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া এলাকার দম্পতি হুমায়ুন আহমেদ (৩৪) ও তার স্ত্রী বিউটি খাতুন (২৫) চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গরু ব্যবসায়ী নজরুল ইসলামের গোয়ালে কাজ করতেন। তারা গোয়ালঘরের পাশের একটি ঘরে বসবাস করতেন।

গত ১৪ এপ্রিল ঈদ উপলক্ষে এ দম্পতি নজরুলের বসতঘরে এসে ঘুমায়। এ সময় মধ্যরাতে নজরুলের কাঠের আলমারির ড্রয়ারের তালা ভেঙে গরু বিক্রির ১২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায় তারা। এ ব্যাপারে গত ২৪ এপ্রিল চাঁদপুর মডেল থানায় চুরির মামলা করা হয়। গত মঙ্গলবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে ৫ লাখ ৮৫ হাজার টাকাসহ বিউটি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ বলেন, চাঁদপুর থানার পুলিশ মঙ্গলবার রাত ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিউটিকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।