পরকালের ভয় দেখিয়ে ছাত্রদের যৌন নির্যাতন: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে দুই ছাত্রকে জোরপূর্বক যৌন নির্যাতনের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই মাদ্রাসা শিক্ষক ছাত্রদের পরকালের ভয় দেখিয়ে যৌন নির্যাতন করতেন।

বুধবার (২৬ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুর রহমান আজিজ (২৬) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বটতলী গ্রামের বাসিন্দা। আজিজ ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, ১০ বছর ও ১১ বছর বয়সী দুই ছাত্রকে শিক্ষক আজিজ জোরপূর্বক যৌন নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি দুই ছাত্র বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। এরপর অভিভাবকেরা পুলিশকে বিষয়টি জানালে তাদের কাছ থেকে তথ্য পেয়ে বুধবার রাতে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিভাবক ও ছাত্রদের বরাত দিয়ে ওসি জানান, গ্রেপ্তার শিক্ষক আজিজ পরকালের ভয় দেখিয়ে ছাত্রদের যৌন নির্যাতন করতো। ওই দুই ছাত্রকেও সে পরকালের ভয় দেখিয়ে দীর্ঘদিন বলাৎকার করে আসছিল। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আজিজকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে দুই ছাত্রকে নির্যাতনের দায় স্বীকার করে জবানবন্দি দেয়।