হঠাৎ করে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় ফরিদপুরের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে শহরতলির গোলডাঙ্গি ও ডিগ্রিরচর এলাকায় পদ্মার প্রায় ১০০ মিটার অংশ ভেঙেছে বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, নদীভাঙনে ব্রীজসহ আশপাশের কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে। অপরিকল্পিতভাবে বালু তোলায় এমনটি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তকুজ্জামান জানান, গত দুদিনে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় স্থানীয় ছোট আলী বিশ^াসের ডাঙ্গি, বাসির মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, শুকুর আলী বিশ্বাসের ডাঙ্গিতে নদীভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া নর্থচ্যানেল ও ডিগ্রিরচর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রিজ এলাকায় ১০০ মিটার নদীগর্ভে চলে গেছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতির আশঙ্কা রয়েছে।’
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। ভাঙন রোধে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’