রাজধানী ঢাকাসহ দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নয়জন নিহত হয়েছেন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন। ভোলা সদরে বাসচাপায় একটি অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি ও খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঢাকা : রাজধানীর পৃথক স্থানে গত বুধবার রাত ১২টা থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল ভোরে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টিপু সুলতান রনি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত বুধবার রাত ১২টার দিকে শনিরআখড়ায় দনিয়া বিশ^বিদ্যালয় কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মাসুদ (২৫) নামে রেকার গাড়ির এক হেলপার প্রাণ হারিয়েছেন। এছাড়া গতকাল সকাল ৭টার দিকে কামরাঙ্গীরচর খালপাড়ে মাইক্রোবাসের ধাক্কায় রাহিম মিয়া (১০) নামে স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্র ও ভোর ৫টার দিকে খিলক্ষেত এলাকায় গাড়ির ধাক্কায় শরিফা বেগম (৩৫) নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী প্রাণ হারিয়েছেন।
ভোলা : সদর উপজেলায় বাসচাপায় একটি অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার উত্তর দীঘলদি এলাকার মো. মিরাজ (৩৫), মো. সোহাগ (১৪), অটোরিকশাচালক মো. আজিজুল হক (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, তালগাছ থেকে পড়ে আহত হয় স্থানীয় কমরউদ্দিন এলাকার সোহাগ নামে একজন। অটোরিকশায় করে তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তার স্বজন মিরাজ ও সোহাগ। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জ : শাহজাদপুরে পিকআপের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাদ হোসেন ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন পাবনার নূরপুর বিএডিসির নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ও নরসিংদীর বাসিন্দা। শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই ফিরোজ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
খুলনা : ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় কনক সিংহ (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর নন্দীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কনক একই উপজেলার বরাতিয়া গ্রামের পোদ্দারপাড়া এলাকার নির্মল সিংহের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কনক। ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কনকের মৃত্যু হয়। চুকনগর হাইওয়ে থানার ওসি নাছির উদ্দীন মজুমদার জানান, দুর্ঘটনার পরপরই চালকসহ ট্রাকটি পালিয়ে যায়।