এক ইঞ্জিনের নৌযানের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠল

এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকাল ৮টা থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুই ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

গত ২৫ মে থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র কারণে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। ২৬ মে ভারতের ওডিশায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।

তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৬ মে ভোর থেকে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। প্রবল বাতাসের কারণে পদ্মাসহ বিভিন্ন নদীতে বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।