মানিকগঞ্জের শিবালয়ে রমজান আলী (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রমজান আলী শিমুলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি নয় বছরের এক কন্যা সন্তানের জনক।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবির বলেন, রমজান আলী স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার উত্তরায় থাকতেন। সেখানে তিনি একটি প্রেসের অপারেটর পদে চাকরি করতেন। তার স্ত্রীও উত্তরার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ মে) রাতে ঢাকা থেকে অসুস্থ মাকে দেখার জন্য বাড়ি আসার পথে দুর্বৃত্তরা রমজান আলীকে গলা কেটে হত্যা করে শিমুলিয়ার একটি চরে ফেলে রেখে যায়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।