এক ভেড়ার মৃত্যুর পর রেল ইঞ্জিনে ৫ ভেড়ার আত্মহত্যা!

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়েছে ছয় ভেড়া। প্রথমে একটি ভেড়া ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়লে অপর পাঁচ ভেড়া একে একে চলন্ত ইঞ্জিনের নিচে কাটা পড়ে মারা যায়। তাদের দুইটি মা ভেড়ার পেটে বাচ্চা ছিল বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে জংশন লোকো শেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভেড়াগুলো পার্বতীপুর শহরের ইসলামপুর কালিবাড়ী জনৈক আনোয়ার হোসেনের। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী জাকির হোসেন বলেন, ‘রেললাইনে প্রথমে একটি ভেড়া ইঞ্জিনের নিচে পড়ে মারা যায়। পরে একসঙ্গে পাঁচ ভেড়া আত্মাহুতির মতো ইঞ্জিনের নিচে কাটা পড়ে। শুনেছিলাম এক ভেড়া যেখানে যায় সব ভেড়া যায় সেখানে। পার্বতীপুর লোকো শেডের সামনে বাস্তবে তা প্রত্যক্ষ করেছি। একটির দেখাদেখি পালের পাঁচ ভেড়াই একসঙ্গে রেল ইঞ্জিনের নিচে মাথা দিয়েছে। কী আজব বিষয়’!

লোকো ইনচার্জ আব্দুল কাফি বলেন, যার ভেড়া তিনি এমন অনিরাপদ অবস্থায় প্রাণীগুলোকে কেন ছেড়ে গেলেন বুঝতে পারছি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ কমর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ভেড়া একতাবদ্ধ প্রাণী। তারা একসঙ্গে পাল হিসেবে বিচরণ করে থাকে। যার ফলে আজকের এ ঘটনা ঘটেছে। অন্যান্য প্রাণীর থেকে তারা আলাদা।

তিনি আরো বলেন, ভেড়ার মালিক একটু সতর্ক হলে রেললাইনের ওপর ইঞ্জিনে কাটা পড়ার ঘটনা ঘটত না।