শতাধিক বছর আগে ঔপনিবেশিক আমলে নামিবিয়ায় গণহত্যা চালানোর কথা সরকারিভাবে স্বীকার করল জার্মানি। এই গণহত্যার ঘটনায় ১৩৪ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
জার্মান ঔপনিবেশিকরা বিংশ শতকের শুরুতে হেরেরো ও নামা জনগোষ্ঠীর লাখো মানুষকে হত্যা করে। গতকাল শুক্রবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সরকারিভাবে এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকার করলেন বলে জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানির ঐতিহাসিক ও নৈতিক দায় থেকে আমরা নামিবিয়া ও নিহতদের উত্তরাধিকারীদের কাছে ক্ষমা চাইব।
তিনি আরও জানান, নিহতদের ভয়াবহ দুর্ভোগের স্বীকৃতি হিসেবে দেশটির উন্নয়নে একটি কর্মসূচির মাধ্যমে ১৩৪ কোটি ডলার ব্যয় করা হবে। ৩০ বছর ধরে নামিবিয়ার অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিনিয়োগ করা হবে। যার উপকার পাবে গণহত্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলো। জার্মান মন্ত্রী বলেন, আজ থেকে সরকারিভাবে ওই হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হবে।
নামিবিয়া সরকারের এক মুখপাত্র জানান, গণহত্যার স্বীকৃতি সঠিক পথে জার্মানির প্রথম পদক্ষেপ। তবে দেশটির কয়েকজন নেতা জার্মানির কাছে সরকারের বিক্রি হওয়ার অভিযোগ করেছেন। তারা জার্মানির এই আর্থিক সহযোগিতা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।