ত্বকচর্চায় আম

আম ভালোবাসেন না এমন মানুষ কম। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আম সবার জন্যই কমবেশি উপকারী। তেমনি ত্বকের যত্নে আম ভালো উপকরণ। পাকা আমের পাল্প দিয়ে ফেসপ্যাক বানিয়ে সহজেই ব্যবহার করতে পারেন। আম ব্রণ ও ব্ল্যাকহেইডস দূর করতে সহায়তা করে। এ ছাড়া সানবার্নও দূর হয়। সতেজ ও কোমল ত্বক পেতে আমের ফেসপ্যাক কীভাবে বানাবেন জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম

ব্রণ দূর করতে

আম ও মধুর ফেসপ্যাক ব্রণ দূর করতে ভালো কাজ করে। আমে ভিটামিন-এ প্রচুর পরিমাণে রয়েছে, যা ত্বকের যতেœ রেটিনল হিসেবে বেশি পরিচিত। ব্রণ দূর করতে আমের ভিটামিন-এ খুব কার্যকর। বিশেষ করে যদি মধুর সঙ্গে মিলিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করা যায়।

যেভাবে বানাবেন : আমের পাল্প ৪ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, বাদাম তেল দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়ো সিকি টেবিল চামচ। সব উপাদান একত্রে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এরপর মুখের ত্বক পরিষ্কার করে ফেসপ্যাক লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। ভেজা ভাব থাকা অবস্থায় হালকা গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার মাখুন।

ব্ল্যাক হেইডস দূর করতে

আম ও চালের গুঁড়ো দিয়ে তৈরি ফেসপ্যাক ব্ল্যাক হেইডস দূর করে। আলফা-হাইড্রোক্সিল অ্যাসিড আমে পাওয়া যায়। চালের গুঁড়োর সঙ্গে আমের পাল্প মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করলে ব্ল্যাক হেইডস সহজেই দূর হয়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আম মুখের স্ক্রাব হিসেবে ত্বকের এক্সফেলিয়েশন করে। ত্বকের মৃত কোষ ও ব্ল্যাক হেইডস দূর হয়।

যেভাবে বানাবেন : আমের পাল্প ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, চালের গুঁড়ো ১ টেবিল চামচ, তরল দুধ ১ টেবিল চামচ। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এরপর পরিষ্কার ত্বকে প্যাকটি দিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। হালকা ভেজা থাকা অবস্থায় সার্কুলার মোশনে হালকা হাতে ৫ মিনিট মাসাজ করে নিন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের তৈলাক্ততা কমাতে

আম ও মুলতানি মাটি দিয়ে বানানো ফেসপ্যাক ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করে। ত্বক পরিষ্কার ও সতেজ রাখে। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে খুব বেশি ব্রণ হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া সানবার্নও বেশি হয়।

যেভাবে বানাবেন : আমের পাল্প ২ টেবিল চামচ, মুলতানি মাটি ১ টেবিল চামচ, টক দই ১ টেবিল চামচ ও তরল দুধ সিকি কাপ। সব উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফেসপ্যাক ব্যবহারের আগে মুখের ত্বক ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর প্যাকটি দিয়ে অন্তত ২০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুতে হবে।