এক ঝলকে

নতুন নাটক ও বিজ্ঞাপনে নোবেল

দেশের মডেলিং জগতের এক অনন্য নাম আদিল হোসেন নোবেল। তুমুল জনপ্রিয় থাকা সত্ত্বেও কখনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে মাঝেমধ্যে টিভি নাটকে অভিনয় করেছেন। গল্প পছন্দ হলে এখনো করেন। আগামী কোরবানির ঈদের জন্য নির্মিতব্য একটি নাটকে অভিনয়ের কথা জানিয়েছেন নোবেল। একটি নতুন বিজ্ঞাপনে কাজের ব্যাপারেও কথা চলছে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাব এখনো অনেক বেশি। তার মধ্যে আবার ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সব মিলিয়ে এখন কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। নাটকের কাজটি করব কিনা এখনো নিশ্চিত করে বলতে পারছি না; তবে বিজ্ঞাপনে কাজ করব। এ জন্য প্রস্তুতিও নিচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

ভালো আছেন অনুরাগ

গেল সপ্তাহে বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত বলিউড নির্মাতা অনুরাগ কশ্যপ। পরে হার্টে বেশ কিছু ব্লক ধরা পড়ে তুখোড় এই নির্মাতার। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন অনুরাগ। ভারতের একটি ট্যাবলয়েডকে অনুরাগের অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র। তিনি জানিয়েছেন, নিজের বাড়িতে আপাতত বিশ্রামে আছেন অনুরাগ, বেশ সুস্থ আছেন। চিকিৎসকরা কাজে যোগ দেওয়ার আগে অন্তত এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ‘দোবারা’ সিনেমার পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত ছিলেন অনুরাগ। মার্চেই এর শ্যুটিং শেষ করেছেন তিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। পাশাপাশি এই সাই-ফাই থ্রিলারে থাকছেন ‘থাপ্পড়’খ্যাত পাভেল গুলাটিও। পরিচালনার পাশাপাশি অভিনয়ও সমানভাবে করে যাচ্ছেন অনুরাগ। গত বছর নেটফ্লিক্সে মুক্তির পরপরই সাড়া ফেলে তার অভিনীত ‘একে ভার্সেস একে’। বিক্রমাদিত্য মোতওয়ানির এই ছবিতে অনিল কাপুরের সঙ্গে অনুরাগের দ্বৈরথ বেশ উপভোগ করেছে দর্শক।

‘আরআরআর’ ওটিটিতেও

‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজমৌলীর পরবর্তী সিনেমা ‘আরআরআর’-এর স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে জি-ফাইভ ও নেটফ্লিক্স। তবে এর আগে ছবিটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। এরপর তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় দেখা যাবে জি-ফাইভে। হিন্দি, পর্তুগিজ, কোরিয়ান, তুর্কি ও স্প্যানিশ ভাষায় দেখা যাবে নেটফ্লিক্সে। ছবিটির হিন্দি ভার্সনের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে জি-নেটওয়ার্ক। স্টার ইন্ডিয়া কিনেছে তেলেগু, তামিল, মালয়ালম এবং কন্নড় ভার্সনের স্বত্ব কিনেছে স্টার ইন্ডিয়া নেটওয়ার্ক। ‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাম চরন ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন আলিয়া ভাট, অজয় দেবগনসহ অনেক তারকা। বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আরআরআর’।

প্রেক্ষাগৃহেই আসবে জেমস বন্ড

এমজিএম স্টুডিওর ‘জেমস বন্ড’ ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তি দেওয়া হবে সিনেমা হলে। আমাজনে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রযোজকরা। ‘ভ্যারাইটি’তে দেওয়া এক বিবৃতিতে প্রযোজক বারবারা ব্রকলি এবং মাইকেল জি উইলসন বলেছেন, ‘আমরা জেমস বন্ড সিনেমা পুরো বিশ্বের সিনেমা হলের দর্শকদের জন্য তৈরি করেছি।’ এমজিএম স্টুডিওর জন্য ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো আশীর্বাদের মতো। পুরো বিশ্বের বক্স অফিসে এই ছবিগুলো এখন পর্যন্ত ৭ বিলিয়ন ডলার আয় করেছে। ‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। তাই এটি নিয়ে প্রত্যাশাও বেশি। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ। করোনাভাইরাসের কারণে বেশ কয়েকবার পিছিয়েছে ছবি মুক্তির তারিখ। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে মুক্তি পাবে এই প্রতীক্ষিত ছবি।