শরীয়তপুরে অপহরণের পাঁচ ঘণ্টা পর শিশু উদ্ধার

শরীয়তপুর শহরের ধানুকা এলাকা থেকে অপহরণের পাঁচ ঘণ্টা পর পাঁচ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনায় পালং মডেল থানায় একটি অপহরণ মামলা করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল শুক্রবার দুপুরে চুরির ঘটনা ঘটে। 

উদ্ধার হওয়া শিশু মাহমুদ হাসান শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামের বিল্লাল হোসেন ব্যাপারীর ছেলে। আটক নারী তানিয়া সিকদার (২২) পৌরসভার স্বর্ণঘোষ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় বিল্লাল হোসেন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন তানিয়া সিকদার। তিনি পার্শ্ববর্তী স্বর্ণঘোষ গ্রামের মৃত আজিজ সিকদারের মেয়ে। ওই নারী তিন মাস আগে বিল্লালের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। শুক্রবার বিল্লালদের বাড়ি বেড়াতে আসেন।

এ সময় বিল্লালের ছেলে মাহমুদকে কোলে নিয়ে আদর করেন তিনি। দুপুরে যখন বাড়ির পুরুষ সদস্যরা নামাজ আদায় করতে মসজিদে যান, এ সুযোগে ওই নারী শিশুটিকে অপহরণ করে পালান। শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে বাড়ির সামনে একটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও পরীক্ষা করা হয়।

ওই ভিডিওতে দেখা যায়, শিশু মাহমুদকে কোলে নিয়ে দ্রুতবেগে পালাচ্ছেন তানিয়া।

তখন ওই শিশুর খোঁজে বিভিন্ন স্থানে যান তার স্বজনেরা। ওই শিশুর ফুফাতো ভাই মো. আদনান হোসেন ও আত্মীয়রা ফেসবুকে শিশুটির ছবি, তানিয়ার ছবি এবং সিসি ক্যামেরার ফুটেজ যুক্ত করে সন্ধান চেয়ে পোস্ট করেন।

বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক ওই ছবি দেখে শিশুর পরিবারের সদস্যদের ফোন নম্বরে যোগাযোগ করে তার সন্ধান দেন। এরপর নড়িয়া থানার পুলিশ সিরঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার ও তানিয়াকে আটক করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘটনা শুনে সিরঙ্গল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেছি। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। যেহেতু শরীয়তপুর সদরের ঘটনা, তাই সদরের পালং মডেল থানায় শিশু ও আটক নারীকে পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, শিশু অপহরণের পর কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। অভিযুক্ত তানিয়া সিকদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুটির বাবা বিল্লাল হোসেন ব্যাপারী বাদী হয়ে মামলা করেছেন । আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।