বগুড়ার শাজাহানপুরের ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলা সদর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফল্টু মিয়া (৩২) বগুড়ার গাবতলী উপজেলার চটরাধিকা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাবতলী থেকে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন ফল্টু মিয়া। তিনি শাজাহানপুর উপজেলা সদরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফল্টু নিহত ও মোটরসাইকেলের পেছনে থাকা শাহাদত আলী নামের আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত শাহাদতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই শাহাদত হোসেন জানান, ট্রাকটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।