নারায়ণগঞ্জে অভিনব উপায়ে চালকের সরলতার সুযোগ নিয়ে ইজিবাইক চুরির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, যাত্রীবেশী চোর চালককে দোকান থেকে সিগারেট আনতে পাঠিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে সাতটায় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক সংলগ্ন জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায়।
ঘটনার শিকার ইজিবাইক চালক মো. আনারুল বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে সাইনবোর্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি জালকুড়ি যাওয়ার জন্য তার ইজিবাইক ভাড়া করে। জালকুড়ি মোড়ে আসলে তাকে একটি গলির নিয়ে যায় এবং দোকান হতে তাকে একটি সিগারেট কিনে আনতে পাঠায়।
তিনি জানান, সে যাত্রীর কথা মতো সিগারেট কিনতে যায় এবং সিগারেট নিয়ে এসে দেখতে পায় অজ্ঞাত যাত্রীটি তার ইজিবাইক নিয়ে চলে গেছে। এ সময় ইজিবাইকে তার উপার্জিত ৬০০ টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিল।
এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে জানান ভুক্তভোগী আনারুল।