রূপগঞ্জে হামলায় ২ কনস্টেবল আহত

‘বিক্ষোভ মিছিলের কারণ’ জিজ্ঞাসা করায় হানজালা নামে ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ ভুলতা ফাঁড়ির ইনচার্জ ও এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন রিপন ও কবির নামে পুলিশের দুই কনস্টেবল। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, গত ২৫ মে স্থানীয় সন্ত্রাসী ও ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা ও সফিউদ্দিন মিলে আফজাল হোসেন ভুইয়া নামে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দিলে ওই ব্যবসায়ীকে হত্যা করবে বলে হুমকি-ধমকি দেয়। এ ঘটনায় ব্যবসায়ী আফজাল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই সাধারণ ডায়েরিটি তদন্ত করেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন। গতকাল বিকেলে আফজাল হোসেন জীবনের নিরাপত্তা চাইতে ভুলতা ফাঁড়িতে ইন্সপেক্টর নাজিম উদ্দিনের কাছে এলে হানজালা ও তার বাহিনীর সদস্যরা ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ী আফজাল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি  গোলাকান্দাইল গোলচত্বর এলাকা হয়ে ভুলতা ফাঁড়ির সামনে এসে পৌঁছালে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন হানজালা ও তাদের বাহিনীর সদস্যদের কাছে বিক্ষোভ মিছিলের কারণ জিজ্ঞাসা করেন।

বিক্ষোভ মিছিলের কারণ জিজ্ঞাসা করায় হানজালা ও তার বাহিনীর সদস্যরা ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন ও ব্যবসায়ী আফজাল হোসেনকে হুমকি-ধমকি প্রদান করে। হানজালা ও তার বাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে ভুলতা ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ব্যাপারে অভিযুক্ত হানজালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।