নরসিংদীতে শিল্পমন্ত্রী

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, খেলাধুলা যুবসমাজকে সামাজিক অপরাধ থেকে বিরত রাখে। আন্তর্জাতিক মহলে পরিচিতির অন্যতম প্রধান মাধ্যম খেলাধুলা। বর্তমান সরকার পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থী ও যুবসমাজকে আগ্রহী করতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

গতকাল শনিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলাব মডার্ন হাইস্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লেখাপড়ার সঙ্গে খেলাধুলা, সংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন। যুবসমাজ যাতে বিপথগামী না হয়, সে জন্য দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।