মোশাররফ-তিশার বাজিমাত

ঈদুল ফিতরের রাতে এনটিভিতে দেখানো হয় মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি। সে সময় নাটকটি নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে ২৭ মে দুপুরে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর ফেইসবুক ও ইউটিউবে নাটকটির প্রশংসা শোনা যাচ্ছে। প্রকাশের ১১ ঘণ্টার মাথায় ইউটিউবে ১০ লাখ বার দেখা হয়েছে এই নাটক। এমন ঘটনায় নাটকটির পরিচালক সাগর জাহান বিস্মিত। তিনি বলেন, ‘এত স্বল্প সময়ে একটি নাটক দর্শক এত আগ্রহ নিয়ে দেখেছেন, আলাপ করেছেন, প্রশংসা করেছেন, এটি আমার জন্য খুবই প্রশান্তির ব্যাপার। ভালো গল্পের পাশাপাশি নাটকটির নামটিও সুন্দর। সব ভালো নির্মাতার জন্য এটি একটি সুখের বার্তা।’ মোশাররফ করিম বলেন, ‘আমাদের এখানে এখন টেলিভিশন নয়, ইউটিউব দিয়েই নাটক বেশির ভাগ দর্শকের কাছে পৌঁছাচ্ছে। মোটকথা, দর্শক ছড়িয়ে গেছে। দর্শক ভালো নাটক দেখতে চান। শ্যুটিংয়ের সময়ই খেয়াল করেছি, এই নাটকটির গল্প ভালো, টানটান উত্তেজনা আছে, পরিচালকের গল্প বলার ধরনও ভালো। সব মিলে দর্শক একটা ভালো প্যাকেজ পেয়েছেন। সে কারণেই দর্শক আগ্রহ বেড়েই চলেছে।’ মোশাররফ করিমের বিপরীতে এবারই প্রথম অভিনয় করেছেন তানজিন তিশা। রোমাঞ্চিত তিশা বললেন, ‘প্রচুর ফোন পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। দর্শক ভিউয়ের দিক থেকে এটি বাংলা নাটকের ইতিহাস বলে মনে হচ্ছে, গর্ব হচ্ছে।’