গোলাম রব্বানী হেলালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আশির দশকের খ্যাতিমান ফুটবলার গোলাম রব্বানী হেলালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তারকা এই ফুটবলার। দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছিলেন তিনি। বিদেশ থেকে উন্নত চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থই ছিলেন হেলাল। কিন্তু গত বছর মৃত্যুর কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যান ফুটবলের জন্য নিবেদিতপ্রাণ এই তারকা। হেলালের স্মরণে আজ বেশ কিছু কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন। হেলালের বন্ধু ও সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফারের উদ্যোগে আজ সকাল ১০টায় আজিমপুর কবরস্থানে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে তার প্রিয় আবাহনী ক্লাব। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ উত্তরের যুব ও ক্রীড়া সম্পাদক গাফফার ও সোনালী অতীত ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। এরপর আবাহনী ক্লাব প্রাঙ্গণে কোরানখানি ও দোয়া মাহফিল হবে। দুপুরে ধানম-ির একটি এতিমখানায় খাবার বিরতণ করা হবে। হেলালের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নাগরিকের প্রতি আহ্বান জানান তার প্রিয় বন্ধু গাফফার। উল্লেখ্য, লাল-সবুজ জার্সিতে সেভাবে আলো ছড়াতে না পারলেও আবাহনী দলে এক সময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হেলাল। ১৯৭৫ সালে তিনি আবাহনীতে যোগ দেন।