দুই সপ্তাহে আরও ১ কোটি শনাক্ত

মাত্র দুই সপ্তাহেরও কম সময়ে আরও ১ কোটি নতুন করোনা রোগী শনাক্ত হলো বিশ্বে। এ গত দেড় বছরে বিশ্বে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছাড়াল ১৭ কোটির ঘর। ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া ভাইরাসটি ইতিমধ্যে ছড়িয়েছে বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে। প্রথম দিনে সংক্রমণ হার তুলনামূলক কম হলেও গত বছরের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করে হু হু করে। বিশ্বে প্রথম ১ কোটি রোগী শনাক্ত হতে যেখানে সময় লেগেছিল ৭ মাসেরও বেশি, সেখানে এখন প্রতি দুই বা তিন সপ্তাহেই কোটি রোগী শনাক্ত হচ্ছে। সর্বশেষ গত ১২ মে শনাক্ত রোগীর সংখ্যা অতিক্রম করে ১৬ কোটির ঘর। এরপর গত ২৮ মে সেই সংখ্যা ছাড়িয়ে যায় ১৭ কোটি। প্রাণঘাতী এই ভাইরাস ইতিমধ্যেই প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

গতকাল শনিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে বিশ্বে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ কোটি ২ লাখ ৫০ হাজার ৪৮২ জন। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৪১ হাজারের বেশি মানুষের। সুস্থ হয়েছে ১৫ কোটি ২১ লাখ ৫১ হাজার জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ৯৬১ জনের। আর সুস্থ হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ২২ হাজার ৩৮৪ জনের। আর সুস্থ হয়েছে ২ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৯৫২ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৪৩১ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ১৭১ জনের। আর সুস্থ হয়েছে ১ কোটি ৪৮ লাখ ১১ হাজার ২৬৬ জন।

তালিকায় এর পরের স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৫৬ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৯ হাজার ২৯০ জন। সুস্থ হয়েছে ৫৩ লাখ ৩ হাজার ৬০৭ জন।

তালিকায় শীর্ষ দশে এর পরে যথাক্রমে রয়েছে তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও স্পেন।