মৌলভীবাজারের কমলগঞ্জের রাস্তা পারাপারের সময় একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকা থেকে সাপটি উদ্ধার করে রাতেই লাউয়াছড়ার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় শমসেরনগর বিমানবন্দর এলাকার ঝোপঝাড় থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় পথচারীর মোটরসাইকেলের সামনে এসে পড়ে। তখন তিনি কৌশল অবলম্বন করে সাপটিকে আটক করেন। পরে তিনি সাপটিকে সাপুরের কাছে বিক্রি করার পাঁয়তারা করেন।
তখন গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি অবজারভার পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ ও দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয় সন্ধান লাগান সাপটির অবস্থান কোথায়।
পরে খবর পেয়ে বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার নির্দেশনায় সহকারী বন-সংরক্ষক শ্যামল কুমার মৈত্র ও লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম ও সাংবাদিক আলমগীরের সহযোগিতায় শমসেরনগর বাজার এলাকা থেকে গোখরা সাপটিকে উদ্ধার করা হয়।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সাপটি উদ্ধার করে পর্যবেক্ষণ করে সুস্থ দেখা যাওয়ায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।