সামিনা চৌধুরীর ‘এত বৃষ্টি’
পুরনো জনপ্রিয় গানগুলো নতুন করে ভিডিও আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। তার নিজস্ব চ্যানেলে বেশ কিছু গান এর আগে প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছেন ‘দুই চোখে দুই নদী’ অ্যালবামের ‘এত বৃষ্টি’ গানটি। এই সময়ের বৃষ্টি নিয়ে এই গানটি শ্রোতা দর্শকদের কিছুটা হলেও আনন্দ দেবে বলে জানালেন গায়িকা। সামিনা চৌধুরী জানান, গানের ভিডিও নির্মাণের পরিকল্পনা নিয়ে কয়েকদিন আগে দিলু রোডের একটি শ্যুটিং হাউজ দেখতে গিয়েছিলেন। শ্যুটিং হাউজের পরিবেশটা এতটাই পছন্দ হয়েছিল যে, ক্যামেরার বদলে মোবাইল ফোন দিয়েই কিছু দৃশ্য ধারণ করে ফেলেন। ধারণ করা সেসব দৃশ্য নিয়েই গানের ভিডিও নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। শিগগির ‘এত বৃষ্টি’ গানের পূর্ণাঙ্গ ভিডিও তৈরি হয়ে যাবে। এর পরই নিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে। সামিনা চৌধুরী বলেন, কিছু গানের আবেদন শুরু থেকেই ছিল। ‘এত বৃষ্টি’ তেমনই একটি গান, যা শ্রোতারা বারবার শুনতে চান। আশা করছি, এই গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে শ্রোতাদের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করতে পারব।
নতুন ধারাবাহিক ‘বাজিমাত’
গতকাল থেকে আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বাজিমাত’। প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় নাটকটি প্রচার হবে। পাপ্পু রাজের রচনা ও মুসাফির রনির পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, সালহা নাদিয়া, নিলয় আলমগীর, মৌসুমী হামিদ, আব্দুল্লাহ রানা, ডা. এজাজ, কল্যাণ কোরাইয়া প্রমুখ। হাসান এবং মুরাদ নামে দুই ব্যক্তি নিজেদের ভাগ্যের চাকা ঘুরাতে গাড়ি, বাড়ি, ফ্ল্যাটসহ বিয়ে করে দুই ধনীর দুলালীকে। কিন্তু ফলাফলে মুরাদ স্ত্রী হিসেবে পায় বদমেজাজি তামান্নাকে। সঙ্গে স্ব-ঘোষিত রকস্টার, ভয়ানক শ্বশুর ফোরকান আলী বান্টি সাহেবকে। আর হাসান পায় সাবালিকা, কিন্তু বাচ্চাকণ্ঠী উদ্ভট চরিত্রের অধিকারিণী মিনিকে। এই দুই ব্যক্তিই খুব তাড়াতাড়ি বুঝতে পারে ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে তারা তাদের জীবনের চাকাই পাংচার করে ফেলেছে। সুতরাং, মুরাদ শ্বশুরের অত্যাচার থেকে বাঁচতে আর হাসান স্ত্রীর ছেলেমানুষি দূর করতে নিজেদেরই খোঁড়া গর্তে নিজেরাই একের পর এক পড়তে থাকে। এরকমই একটি হাস্যরসাত্মক, নির্মল বিনোদনে ভরপুর গল্প ও নানা ধরনের মজার সব চরিত্র নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘বাজিমাত’।
চীনে বাদ গাগা, বিবার, বিটিএস
গত বৃহস্পতিবার সম্প্রচার করা হয়েছে বিশ্ববিখ্যাত কমেডি সিরিজ ‘ফ্রেন্ডস’-এর বিশেষ পর্ব ‘ফ্রেন্ডস : দ্য রিইউনিয়ন’। এই বিশেষ পর্বটি দেখানো হয়েছে চীনেও। তবে কাটছাঁট করে। ‘ফ্রেন্ডস : দ্য রিইউনিয়ন’-এর যেসব অংশে লেডি গাগা, জাস্টিন বিবার ও বিটিএসকে দেখানো হয়েছিল, সেই সব অংশ বাদ দেওয়া হয়েছে সম্প্রচারে। বিশে^র অন্যান্য দেশের দর্শক দেখতে পেলেও এই তারকাদের পারফম্যান্স দেখতে পারেনি চীনের মানুষ। ২০১৬ সাল থেকে লেডি গাগার ওপরে চীনে ঘুরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। কারণ, তিব্বতের দালাই লামার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। ২০১৪ সাল থেকে জাস্টিন বিবারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে চীন। বিটিএসের ক্ষেত্রেও আছে নিষেধাজ্ঞা। কারণ, এক ভিডিওতে কোরিয়ার সঙ্গে চীনের যুদ্ধের প্রসঙ্গ তুলেছিলেন বিটিএসের সদস্যরা। আর এ কারণেই এই তারকাদের অংশ ছেঁটে ফেলা হয়েছে সম্প্রচারের আগে। শুধু যে লেডি গাগা, জাস্টিন বিবার ও বিটিএসের অংশ ছেঁটে ফেলা হয়েছে তা-ই নয়, যে অংশগুলোতে সমকামিতার প্রসঙ্গ তোলা হয়েছে, সেগুলোও ছেঁটে দেওয়া হয়েছে। ১৯৯৪ থেকে ২০০৪, টানা দশ বছর পুরো বিশ^ উপভোগ করেছে ‘ফ্রেন্ডস’। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও জনপ্রিয়তা একটুও কমেনি। ‘ফ্রেন্ডস : দ্য রিইউনিয়ন’ প্রশংসা অর্জন করেছে বিশ^জুড়ে।