ভারতে ৫০ দিন পর দেড় লাখের ঘরে দৈনিক সংক্রমণ

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লাখের গণ্ডিতে নেমে এসেছে। কমেছে দৈনিক মৃত্যুও।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জন।

দৈনিক আক্রান্তের এই সংখ্যা শেষবার এই গণ্ডিতে ছিল ১১ এপ্রিল। সে হিসাবে প্রায় ৫০ দিন পর ভারতে দৈনিক শনাক্ত নেমে এল দেড় লাখের কাছাকাছি।

দৈনিক মৃতের সংখ্যাও গত কয়েকদিনের তুলনায় কমেছে। কিন্তু এখনো তা ৩ হাজারের ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৭ কোটি ১০ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ সাড়ে ৫৬ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৭৪৩ জন।

ওয়ার্ল্ডো মিটারের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৯৮ হাজার ৮১১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। একই সময়ে ৮ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে করোনার দৈনিক সংক্রমিত রোগীর বড় অংশটি হচ্ছে ভারতে। অবশ্য দেশটিতে দৈনিক সংক্রমণ কমে দেড় লাখের ঘরে নেমে এসেছে যা একসময় চার লাখ ছাড়িয়ে গিয়েছিল।