রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে কয়েক দিন ধরে স্রোত দেখা দেয়ার ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। এতে করে পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।
সোমবার সকাল ১০টায় ঘাট এলাকায় দেখা যায়, জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পর্যন্ত ট্রাকের লম্বা লাইন। সকাল ৮টার দিকে এ লম্বা লাইন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের লাইন দীর্ঘ হতে থাকে।
দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে থাকতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাক চালক ও সহকারীরা।
টয়লেট, পানি ও খাবারের ভালো ব্যবস্থা না থাকায় নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
চালকদের অভিযোগ, গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাকগুলোকে ৩ থেকে ৪ দিন আটকে রাখা হয় এরপর এক এক করে ছাড়া হয়। আবার ঘাট এলাকায় এলে দীর্ঘক্ষণ সিরিয়ালে থেকে এমন দুর্ভোগ পোহাতে হয় এইভাবে আর কত দিন।
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা গোখাদ্যবোঝাই ট্রাক চালক জালাল শেখ বলেন, ঘাটে ৮টা ২০ মিনিটে এসেছি, প্রায় ২ দিন গোয়ালন্দ মোড়ে ট্রাকের সিরিয়ালে থাকার পর এখানে আসলাম এখন অপেক্ষা কখন পার হব।
দৌলতদিয়া ঘাট ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বর্তমানে নদীতে পানি বৃদ্ধির ফলে স্রোতের সৃষ্টি হয়েছে আগে যেখানে একটি ফেরি ২০ থেকে ২৫ মিনিটে এক প্রান্ত হতে অন্যপ্রান্তে যেতে পারত, কিন্তু এখন নদীতে স্রোত থাকায় এ সময় আরও বেশি লাগছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, আমাদের এই দুই নৌরুটে সবগুলো ফেরি চালু আছে, আমরা চেষ্টা করছি ভোগান্তি কমানোর জন্য। বর্তমানে ট্রাকের চাপ আগের তুলনায় কিছুটা বেশি যার কারণে এ রকম ট্রাকের দীর্ঘ সারি।