স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ জুন থেকে সশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১০ জুন থেকে যেকোনো অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। তবে ১০ জুনের আগে কোনো পরীক্ষা নেওয়া হবে না।
এবার অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা চলাকালীন সময়ে হলগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে মেসে কিংবা বাসায় থেকে সশরীরে পরীক্ষায় অংশ নিতে হবে। তবে পরীক্ষা দেওয়ার আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা দিতে হবে।