২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে ফ্রেঞ্চ ওপেন শুরু করে দাপুটে জয় পেয়েছেন তৃতীয় বাছাই রাফায়েল নাদাল। সরাসরি সেটে অস্ট্রেলিয়ার আলেক্সি পপিরিনকে হারিয়েছেন তিনি।
রোঁলা গারোতে রেকর্ড ১৪তম শিরোপা জয়ের পথে ৩৪ বছর বয়সী স্প্যানিয়ার্ড জিতেছেন ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে। নাদাল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ফরাসি তারকা রিচার্ড গাসকুয়েটের।
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জকোভিচও। আমেরিকার টেনিস সান্দগ্রেনকে ৬-২, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা।
তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ। ৪২তম বাছাই জার্মান তারকা জান-লেনার্ড স্ট্রাফের বিপক্ষে ৫ সেটে হেরেছেন এই রাশিয়ান। গত বছর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার-ফাইনালে খেলেছিলেন রুবলেভ।