ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে মোংলায় করোনা সংক্রমণের হার। হু হু করে বাড়ছে আক্রন্তের সংখ্যা। এ অবস্থায় আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন রোগীরা। তাই ফাঁকা রোগীদের বেডে আয়েশ করে ঘুমিয়ে আছে বিড়াল!
এমন চিত্র মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
বুধবার বিকেল সাড়ে ৬টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির নারী বেডে একজন রোগীও নাই। আর পুরুষ বেডে আছে দুই থেকে তিনজন।
হাসপাতালে ডিউটিরত নার্সেরা বলেন, যেভাবে করোনার হার বাড়ছে, তাই বিভিন্ন রোগে ভর্তি হওয়া রোগীরা ভয়ে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন। দুপুরের পর থেকে কেউকে কিছু না জানিয়েই তারা চলে যান বলেও জানান তারা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, মূলত করোনায় ভয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছে।
তিনি আরো বলেন, প্রতিদিন অন্তত পুরুষ ও নারী ওয়ার্ডে ৫০ জন রোগী ভর্তি থাকতো। আর প্রতিদিন আড়াই শ'র বেশি রোগী আসতো। কিন্তু করোনা বাড়ায় গত দুই-তিন দিনে তা কমে এক শ'র নিচে চলে এসেছে। বুধবার ভর্তি ছিল ২৭ জন। কিন্তু নারী একজনও নেই, পুরুষ আছে তিন-চারজন।
এদিকে মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে মোংলায় ৫৯ জন নমুনা পরীক্ষা করালে তাদের মধ্যে ৩৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গত শনিবার ৪২ জনের মধ্যে ৩১ জন ও শুক্রবার ২২ জনের মধ্যে ১৬ জন শনাক্ত
হয়েছেন। মঙ্গলবার দুজন ও বুধবার একজন মোংলায় করেনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান আরো দুজন।